নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাহেব আলী হত্যা মামলার আসামি সব্বির গ্রেফতার
- আপডেট সময় : ০২:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৫১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আলোচিত সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সব্বির (২৮) কে গ্রেফতার করেছে এসআরবি-১১।
সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সব্বির সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
এসআরবি-১১ জানায়, গত ১২ অক্টোবর সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী (৪০) কে গুলি করে হত্যা করা হয়। প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে তিনি পাশের একটি খালে পড়ে যান। সেখানেও তাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এসআরবি আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।


















