নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের চেকপোস্টে ১টি বিদেশি পিস্তল, ৫০ পুরিয়া হেরোইন ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে সদর মডেল থানাধীন ২ নং রেলগেট সংলগ্ন মনির রেস্তোরাঁর উত্তর পাশে সাজ্জাদ ট্রেডার্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন — নেত্রকোনার দুর্গাপুরের বড় বাট্টা এলাকার মৃত ইদ্রিসের ছেলে এমদাদুল হক (২৭) এবং মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর চান্দের বাজার এলাকার শাহীনের ছেলে মোঃ জিহাদ (২৪)। তারা বর্তমানে ফতুল্লা থানা এলাকায় ভাড়া থাকতেন।
এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম ওজনের ৫০ পুরিয়া হেরোইন যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, গায়ে “Special MADE IN USA” লেখা ১টি বিদেশি পিস্তল এবং ১টি রেজিস্ট্রেশনবিহীন Apache 160cc মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে সদরসহ আশপাশের থানা এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আগেও অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করা হয় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ শামীম হোসেন এর সহযোগিতায় এবং সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খানের নেতৃত্বে।




















