আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ৫২ বার পড়া হয়েছে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১টি বিদেশি পিস্তলসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফ (৩১) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার এজাহারনামীয় আসামি শফিকুল ইসলাম শরীফকে গত ১০ অক্টোবর গ্রেপ্তার করে আদালতে রিমান্ডের আবেদনসহ সোপর্দ করা হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করলে ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম ও তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাকিবুল আলম তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়। পরে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর নেতৃত্বে এসআই রাকিবুল আলম, এসআই জহিরুল ইসলাম, এসআই আব্দুল বাছেদসহ সঙ্গীয় ফোর্স গত ১৬ অক্টোবর ভোর ৪টা ৫৫ মিনিটে তার বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানে আসামির দেখানো মতে কৃষ্ণপুরা এলাকায় তার বসত ঘরের উত্তর পাশের চিপা জায়গায় বিশেষভাবে লুকায়িত পলিথিনের ভেতর থেকে দুই পাশে কাঠের বাটযুক্ত খালি ম্যাগাজিনসহ ১টি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(A) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



















