নাঃগঞ্জ মহানগর ছাত্রদল সভাপতির নামে অপপ্রচার ও চাঁদাদাবি, কসবা থেকে মূলহোতা গ্রেফতার
- আপডেট সময় : ০১:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাগরের নামে ফেসবুকে অপপ্রচার ও চাঁদাদাবির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে চক্রের মূলহোতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও অপপ্রচারে ব্যবহৃত ফেসবুক আইডি জব্দ করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ “আমরা বিএনপি পরিবার” নামক ফেসবুক আইডি থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে ভিডিও এডিটিং করে মিথ্যা তথ্য প্রচার করে আসছিল একটি চক্র। চক্রের মূলহোতা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং বিকাশের মাধ্যমে কিছু টাকা গ্রহণও করে। এ ঘটনায় রকিবুল ইসলাম সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ওসি ডিবি নজরুল ইসলামের সমন্বয়ে আইটি শাখার এসআই মফিজুল ইসলাম পিপিএম অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার ১৩ অক্টোবর ভোর সাড়ে ৩টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বাদৈর গ্রামে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাকে তার ব্যবহৃত ফেসবুক আইডি ও মোবাইলসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ নষ্ট করার জন্য হীনস্বার্থ চরিতার্থে অন্যান্যদের প্ররোচনায় এ ধরনের কর্মকাণ্ড করার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামি:
মেহেদী হাসান রাজিব (৩০), পিতা- নজরুল ইসলাম ভূঁইয়া, মাতা- খাদিজা বেগম রানু, সাং- বাদৈর মধ্যপাড়া, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
১। ২টি মোবাইল ফোন
২। বিকাশ নম্বর
৩। “আমরা বিএনপি পরিবার” নামক ফেসবুক আইডি
আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।























