জনবল সংকটে ধুঁকছে সোনারগাঁ ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স, ১০ লাখ মানুষের ভোগান্তি চরমে
- আপডেট সময় : ০৩:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৮৯ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একমাত্র ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি তীব্র জনবল সংকটে ধুঁকছে। চরাঞ্চলসহ উপজেলার প্রায় ১০ লক্ষ মানুষের একমাত্র ভরসা এই হাসপাতালটি। জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।
প্রতিদিন আশপাশের এলাকা ও চরাঞ্চল থেকে ১১শ’ থেকে ১৩শ’ রোগী চিকিৎসা নিতে আসেন। সেই তুলনায় প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আউটডোর ও ইনডোর মিলিয়ে রোগী ও স্বজনদের ভিড়ে প্রতিদিন হাসপাতালে উপচে পড়া ভিড় দেখা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকের ৩৩টি পদের মধ্যে কর্মরত আছেন ২৭ জন, শূন্য ৬টি পদ। কনসালটেন্টের ৪টি পদের বিপরীতে ৫০ শয্যার হাসপাতালে আরও বাড়তি পদ প্রয়োজন। স্যাকমো পদে ১১টির মধ্যে শূন্য ৩টি।
এছাড়া তৃতীয় শ্রেণির ১০৫টি পদের মধ্যে কর্মরত ৮২ জন, শূন্য ২৩টি এবং চতুর্থ শ্রেণির ২৩টি পদের মধ্যে কর্মরত মাত্র ৯ জন, শূন্য ১৪টি পদ। প্রধান সহকারী, একাউন্টেন্ট, স্যাকমো, স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটরসহ গুরুত্বপূর্ণ অনেক পদ দীর্ঘদিন ধরে শূন্য। ওয়ার্ড বয়, আয়া, ল্যাব অ্যাটেনডেন্ট, ওটি অ্যাটেনডেন্ট, পরিচ্ছন্নতা কর্মী ও নৈশপ্রহরীর মতো পদও শূন্য রয়েছে।
নার্সের ৩৪টি পদের মধ্যে ৩৩ জন কর্মরত থাকলেও এর মধ্যে ২ জন ডিএনসিতে এবং ১ জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
জনবল সংকটের কারণে হাসপাতালের পরিবেশেও অব্যবস্থাপনা দেখা দিয়েছে। মাত্র ২ জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে পুরো হাসপাতাল পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। ফলে নোংরা পরিবেশেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।
ভুক্তভোগী আব্দুল হালিম জানান, “সকাল থেকে বসে আছি, লোকবল না থাকায় সেবা পেতে দেরি হচ্ছে।” আরেক রোগী রহিমা বেগম বলেন, “ওয়ার্ডে ভর্তি হয়েছি, কিন্তু দেখভালের লোক কম, তাই নিজের লোক দিয়েই সব করতে হচ্ছে।”
নৈশপ্রহরীর পদ শূন্য থাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। সিসি ক্যামেরা থাকলেও মোবাইল চুরির ঘটনা ঘটছে। এছাড়া ওষুধের বরাদ্দ কম থাকায় বেশিরভাগ রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল আহমেদ বলেন, “কিছু কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদের কারণে সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। জনবল চাহিদার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। পদগুলো পূরণ হলে সেবার মান আরও উন্নত হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া না হলে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম আরও ভেঙে পড়বে।






















